জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। এর অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে।
এর মধ্যে মাগুরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি এর আগে বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি।
নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।