মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ও রোপাটি গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুইজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মোস্তাক মোল্যার ছেলে মোঃ মহসিন মোল্যা (২৭) এবং রোপাটি গ্রামের মোঃ শহিদ মোল্যার ছেলে মোঃ মিকাইল হোসেন (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাদের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মামলা করা হয়। অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন মহসিন মোল্যার বিরুদ্ধে এবং উপপরিদর্শক মোছাঃ হাফিজা খাতুন মিকাইল হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় আসামিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।