মুন্সী জহুরুল ইসলাম, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর)সকালে জাতীয় বিপ্লব ও সংগতি দিবস পালিত হয়েছে ।সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করে জেলা বিএনপি।
জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে। সকাল ১১ টার দিকে জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন একত্রিত হয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করে যা শহর ঘুরে ভায়নার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন খান এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমদ।
বক্তারা বলেন,আজ ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এইদিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল ।জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকে জাতি এই দিবসটি পালন করে আসছে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণ এবং সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে। ২০০৮ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে না এবং এই দিনে পূর্বের ন্যায় ছুটি থাকছে না । পুনরায় জাতীয় দিবস এবং ছুটি ঘোষণা করার দাবি করা হয়।
দিবসটি উপলক্ষে মাগুরা জেলা জাসাস বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে।