রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে ভারতীয় প্রপোগাণ্ডা, উগ্রবাদী আচারণ ও মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মিছিল নিয়ে পদযাত্রা বেনাপোল সীমান্তে এসে পৌছায়। এর আগে বেলা ১২ টায় বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্ররা। পদযাত্রা ও সমাবেশে শত শত শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন ছাত্ররা।
ছাত্ররা জানায়, দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্র করে চলছে ভারত। সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতারের পর দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রায়
প্রতিদিন ভারতের পশ্চিমবঙ্গে কোন না কোন সীমান্ত অঞ্চলে বাংলাদেশ বিরোধীরা সভা, সমাবেশে মিথ্যা তথ্য প্রচার করে ভারত-বাংলাদেশ, হিন্দু-মুসলিমদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি এবং বাণিজ্যিক সম্পর্ককে নষ্ট করতে চক্রান্ত চালাচ্ছে।

যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আহবাহক রাশেদ খান জানান, আমরা দূর্বল না। সীমান্তে এসে অপপ্রচার দুই দেশের সম্পর্কে কোনভাবে ফাটল ধরাতে পারবেনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমরা বাংলাদেশে হিন্দু,মুসলিম শান্তিতে আছি। কিন্তু এ অসাম্প্রদায়িক রাষ্টের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে ভারত।
যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সদস্য সচিব জেসিনা মুরশিদ জানান, ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ ষড়যন্ত্রের প্রতিবাদের সীমান্তে পদযাত্রা নিয়ে আসা হয়েছে।