রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম যে অপতথ্য প্রচার করছেন তাতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না বলে মনে করেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা বাংলাদেশীদের ভারতে যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।
উপদেষ্টা আরো বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে আমরা সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি ৷
কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।