আলী হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ রবিবার (৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রামপুর এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতদের মধ্যে সিএনজির চালক, তিনজন যাত্রী ও মোটরসাইকেলের চালক রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ওসি জাহাঙ্গীর আলম আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল ও নিষেধ থাকা সত্ত্বেও সিএনজি চলাচল করায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলী হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর প্রতিনিধি।