আলী হোসেন বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চম্পকনগর এলাকায় ৩ ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহত ১২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন এছাড়াও বাকীরা বিভিন্ন ভাবে চিকিৎসা নিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রাম থেকে নাঈম হুজুর ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে আসলে তখন ওই গ্রামের লোকজন তাতে বাঁধা দিয়ে কামাল নামে এক ব্যক্তিকে মারধোর করে। এরই জের ধরে আজ সকালে সাটিরপাড়া, ইছাপুরা ও খাদুরাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে। এ সময় চম্পকনগর গ্রামের পক্ষে গেরাগাঁও ও নুরপুর গ্রামে লোকজনও সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।