রংপুরের পীরগাছা উপজেলায় এক ব্যক্তি পোষা মুরগির ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি স্থানীয় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পীরগাছা উপজেলার পবিত্রঝাড় ফরিঙ্গাপাড়া নিবাসী মোছাঃ হোসনে আরা বেগম (৩২), স্বামী মোঃ জাহেদুল ইসলাম, থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগে জানান, গত ১ মে ২০২৫ খ্রিঃ তারিখে দুপুর আনুমানিক ২টার দিকে তার পোষা কালো রঙের একটি মুরগি প্রতিবেশী মোঃ আলগমীর হোসেন (৩৫), পিতা মৃত. মফিজ উদ্দিনের বাড়ির আঙিনায় গেলে তিনি সেটিকে ধরে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং নৃশংস নির্যাতন চালান বলে অভিযোগ করেন। অভিযোগে আরও বলা হয়, মুরগির চিৎকার শুনে তার জা মোছাঃ কবিরন বেগম ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি মুরগিটিকে ছেড়ে দেন। পরবর্তীতে হোসনে আরা বেগম ঘটনা শুনে অসুস্থ মুরগিটিকে থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তার ও তার পরিবারের ওপর আক্রমণ করতে পারে। স্থানীয়রা বিষয়টি সালিশে মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি কারও কথা শোনেন না বলে জানা গেছে।