শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা :
মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যার রডের আঘাতে সোনালী বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে শালিখা থানা পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।
নিহতের প্রতিবেশী জুয়েল হাসান জানান, ভোর সকালে তিনি মিজানুর মোল্যাকে বাড়ির সিঁড়িতে বসে থাকতে দেখেন। মিজানুর ঘরে ঢুকতে চাইলেও সোনালী বেগম দরজা খুলছিলেন না। জুয়েল হাসান কাজে চলে যাওয়ার সময় বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ফিরে এসে দেখেন মিজানুরের মেয়ে মদিনা খাতুন চিৎকার করে বলছেন, “আব্বা মাকে মেরে ফেলেছে।”
সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে জানান, তার বাবা মিজানুর মোল্যা ঢাকায় রডের কাজ করেন। আজ সকালে বাড়ি এসে মায়ের মাথায় রড দিয়ে আঘাত করেন, যার ফলে তার মা মারা যান।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরেই স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। আসামী পলাতক রয়েছে৷ গ্রেফতারের জোর চেষ্টা চলছে৷ লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷