রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
ইসলামের আলোকে দেশ সাজাতে হবে। কোন জঙ্গীবাদ, সন্ত্রাস এদেশে সৃষ্টি হতে দেয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকেন। একদল যায়, আর এক দল এসে লুটে খায়। আমাদেরকে কোরআনের আলোকে দেশ গড়তে হবে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোর শহরের পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আদ্-দ্বীন ফাউণ্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপি তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে লাখো জনতার উদ্দেশ্যে বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী একথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে ছেলেমেয়েরা বিপথগামী হবে না। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে। তাহলে দেশ আর দুর্নীতি, সন্ত্রাসী তৈরি হবে না। সব আলোকিত মানুষ হবে ইনশাআল্লাহ।
এদিকে যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাসে চড়ে, কেউ বা ট্রাক, মাইক্রো, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে মানুষ গন্তব্যে রওনা হন। এ ছাড়া ট্রেনে চড়েও অনেকে যশোর স্টেশনে নামেন। সেখান থেকে হেঁটে, যানবাহনে চড়ে অনেকে গন্তব্যে যান। গোটা শহরতলিতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই মূল অনুষ্ঠানে স্থলে পৌঁছাতে পারেনি। দূর থেকেই বক্তব্য শুনতে হয়েছে। কানায় কানায় ভরে যায় মাহফিলের মাঠ।
আদ্-দ্বীন ফাউণ্ডেশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা।